
(৭ ঘন্টা আগে) ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৯:৫২ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫৩ বিজিবির আট প্লাটুন সদস্য মোতায়েন করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ২০টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে মনাকষা, গোদাগাড়ী, ওয়াহেদপুর ও হাকিমপুর বিওপির আওতাধীন ১০টি পূজামণ্ডপ এলাকায় চার প্লাটুন এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের কাছাকাছি ১০টি পূজামণ্ডপ এলাকায় দুই প্লাটুন সদস্য মোতায়েন থাকবেন। বাকি দুই প্লাটুন সদর দপ্তরে সংরক্ষিত হিসেবে প্রস্তুত রাখা হবে।
বিজিবি জানায়, ইতোমধ্যে পূজামণ্ডপ এলাকাগুলোতে রেকি ও প্রস্তুতিমূলক টহল সম্পন্ন হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।
বৃহস্পতিবার ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।