banglahour

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক এসআরবি, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপে নিরাপত্তা

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ২:২৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে “দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক এসআরবি সদস্য মোতায়েন থাকবে।” শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এমনটাই জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি-১৩। ঠাকুরগাঁওয়ের ৪৭৮টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল।

শুক্রবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়ি সার্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দিরে পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন এসআরবি-১৩-এর সিপিসি-১ দিনাজপুরের কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন।

তিনি বলেন, রংপুর বিভাগে এসআরবি-১৩-এর আওতাধীন এলাকায় এবার ৫ হাজার ১৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঠাকুরগাঁও জেলায় রয়েছে ৪৭৮টি মণ্ডপ।

পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম।

তিনি আরও বলেন, স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটি, জনপ্রতিনিধি, প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতিমা বিসর্জনের দিনও নেওয়া হবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও উসকানিমূলক তথ্য ছড়ানো প্রতিরোধে সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি চালাবে। যাচাই না করে কোনো তথ্য শেয়ার না করার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।

আগামী ২২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার রাখার কথা জানিয়েছে এসআরবি-১৩। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনের প্রত্যাশা তাদের।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল