banglahour

শারদীয় দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও চীবর দানে নিশ্চিদ্র নিরাপত্তার আশ্বাস পার্বত্য প্রতিমন্ত্রীর

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ দিন আগে) ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ২:৩০ অপরাহ্ন


"শারদীয় দুর্গাপূজা পরবর্তী শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সামনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান অনুষ্ঠান যাতে সম্পূর্ণ গণতান্ত্রিক ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যেই বর্তমান গণতান্ত্রিক সরকার নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।


শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বিষয়ক এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক নাজমা আশরাফির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার, রাঙ্গামাটি জোন কমান্ডার একরামুল রাহাত পিএসসি এবং পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল রকিব পিপিএমসহ স্থানীয় প্রবীণ ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন আরো বলেন, সাজেকে যেকোনো সমস্যা তৈরি হলে তা আমরা সকলে মিলে সম্মিলিতভাবে সমাধানের ব্যবস্থা গ্রহণ করব। সেখানে কিছু প্রশাসনিক সমস্যা এবং কিছু রাজনৈতিক বিষয় রয়েছে। এসব বিষয়ে ইতোমধ্যেই আলোচনা চলছে এবং আলোচনার মাধ্যমেই প্রতিটি সমস্যার টেকসই সমাধান আসবে।
পাহাড়ি-বাঙালি সামাজিক সম্প্রীতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক ‘রংধনু জাতি’ গঠনের সুনির্দিষ্ট অঙ্গীকার আমরা বাস্তবায়ন করছি। রংধনুর ভিন্ন ভিন্ন রং যেমন একত্রিত হয়ে বর্ণিল সৌন্দর্য ফুটিয়ে তোলে, তেমনি তিন পার্বত্য জেলায় বিভিন্ন জাতিগোষ্ঠী, ধর্ম ও সংস্কৃতির মানুষের এক অপূর্ব প্রীতিময় সম্মিলন ঘটেছে।


এ সময় স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো ধরনের গুজবে কান দেবেন না। কোথাও কোনো সমস্যা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে প্রশাসনকে জানান, তারা দ্রুততার সাথে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
সভায় রাঙ্গামাটি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আসন্ন ধর্মীয় উৎসবসমূহ নির্বিঘ্ন করতে বিভিন্ন সতর্কতামূলক সিদ্ধান্ত গৃহীত হয়।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল