
(২ ঘন্টা আগে) ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ৯:০৫ অপরাহ্ন
সামাজিকক্ষত্রে ও শিক্ষা প্রসারে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রদানকৃত সম্মানজনক "ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬” অর্জন করেছেন ময়মনসিংহের কৃতি সন্তান, তরুণ উদ্যোক্তা ও সমাজকর্মী ইসতাক আহমেদ তারেক তালুকদার।
তিনি জাতীয় পর্যায়ে ‘শিক্ষার উন্নয়ন ও প্রসার’ ক্যাটাগরিতে এই শ্রেষ্ঠত্বের পুরস্কার লাভ করেছেন। আজ (শনিবার) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।
ময়মনসিংহ শহরের তরুণদের মাঝে বই পড়ার হারিয়ে যাওয়া অভ্যাস বা 'রিডিং কালচার' ফিরিয়ে আনতে তারেক তালুকদার প্রতিষ্ঠা করেন জেলার প্রথম রিডিং স্থান ‘পাঠগৃহ ক্যাফে’। যেখানে যেকোনো শিক্ষার্থী বা বইপ্রেমী কোনো খাবার বা কফি অর্ডার ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে বই পড়ার সুযোগ পান।
বিগত ৯ বছর ধরে তাঁর পরিচালিত সামাজিক সংগঠন ‘পাঠগৃহ ফাউন্ডেশন’ ও ‘পাঠগৃহ একাডেমি’-র মাধ্যমে তরুণদের জন্য চাইনিজ ভাষা শিক্ষা কোর্স এবং আইটি প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। এছাড়া ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পাড়, সার্কিট হাউস পার্কসহ বিভিন্ন জনসমাগমস্থলে ‘উন্মুক্ত বই পড়া কর্মসূচি’, দুর্গম ও প্রান্তিক গ্রামে পাঠাগার স্থাপন, স্কুল-কলেজে ‘বই উৎসব’, দীর্ঘমেয়াদে বিনা জামানতে বই দেয়া, নিয়মিত পাঠচক্র এবং তরুণদের মানসিক সচেতনতায় ‘মাইন্ড উইংস’ পরিচালনা করে আসছেন তিনি।
উল্লেখ্য, তরুণদের উদ্ভাবন ও কারিগরি ক্ষেত্রে অবদানের জন্য ইসতাক আহমেদ তারেক তালুকদার এর আগেও একাধিক জাতীয় ও আঞ্চলিক সম্মাননায় ভূষিত হয়েছেন।
তিনি ২০১৮ সালে ময়মনসিংহ জেলা ও বিভাগীয় প্রশাসন কর্তৃক যৌথভাবে ‘শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবক’ সম্মাননা লাভ করেন। এছাড়াও ২০১৭ সালে জাতীয় স্কিল কম্পিটিশনে অঞ্চল পর্যায়ে ২য় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশ নেয়ার গৌরব অর্জন করেন এবং ২০২০ সালে আন্তর্জাতিক পরিমণ্ডলে চাইনিজ কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় শ্রেষ্ঠ আবৃত্তিশিল্পী হিসেবে পুরস্কৃত হন।
জাতীয় পর্যায়ে এই বিরল অর্জন প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় তারেক তালুকদার বলেন, “এই স্বীকৃতি ময়মনসিংহের সর্বস্তরের পাঠক, শুভানুধ্যায়ী এবং আমাদের টিমের প্রতিটি সদস্যের প্রতি উৎসর্গিত। এই সম্মাননা আমাকে ভবিষ্যৎ সমাজ বিনির্মাণে এবং সকলের কাছে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আরও বেশি অনুপ্রাণিত করবে।”