banglahour

গুজব ও সাম্প্রদায়িক উসকানি ঠেকাতে বান্দরবানে বিজিবির বিশেষ নজরদারি , প্রস্তুত ডগ স্কোয়াড ও মাইন সুইপিং টিম।

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ৪:০৫ পূর্বাহ্ন

 

শারদীয় দুর্গাপূজা ঘিরে বান্দরবানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে বিশেষ নজরদারির পাশাপাশি জেলার নয়টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে বাহিনীটি। নিরাপত্তা কার্যক্রমে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া স্থাপন করা হয়েছে ছয়টি বেইজ ক্যাম্প। নিয়মিত টহলের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে ডগ স্কোয়াড ও মাইন সুইপিং টিম।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রুবায়েত জামিল।

তিনি বলেন, গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে বিজিবি সতর্ক নজরদারি রাখছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

সেক্টর কমান্ডার আরও বলেন, দুর্গাপূজা ঘিরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এ জন্য সবাইকে সচেতন থাকতে হবে। যাচাই না করে কোনো তথ্য প্রচার না করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজিবি সূত্রে জানা গেছে, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন বাহিনীর সদস্যরা। বান্দরবান সেক্টর সদর দপ্তর এবং এর অধীন রুমা ব্যাটালিয়ন-৯, বলিপাড়া ব্যাটালিয়ন-৩৮ ও আলীকদম ব্যাটালিয়ন-৫৭ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় নয়টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে পূজামণ্ডপের পাশাপাশি আশপাশের গুরুত্বপূর্ণ স্থানেও নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। দায়িত্ব পালনের স্বচ্ছতা ও কার্যক্রম পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে বডি-অন ক্যামেরা। সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় বিশেষ নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে।

নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় জেলা পুলিশ, স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানিমূলক প্রচারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাহিনীটি।

পরিদর্শনকালে ৩৮ বিজিবির বলিপাড়া জোন কমান্ডারসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি জানিয়েছে, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তাব্যবস্থা অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবেন বাহিনীর সদস্যরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল