
(২ ঘন্টা আগে) ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ২:৪৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। জেলার ১৬৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩৪ জন সদস্য মোতায়েনের পাশাপাশি টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে গুজব ও অপপ্রচার ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো হচ্ছে সার্বক্ষণিক সাইবার মনিটরিং।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবতলার চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুররানী মন্দিরে পূজামণ্ডপের প্রস্তুতি পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-৫-এর কোম্পানি কমান্ডার মো. তরিকুল ইসলাম।
তিনি বলেন, জেলায় এবার মোট ১৬৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। বর্তমানে নাশকতার কোনো গোয়েন্দা তথ্য না থাকলেও সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে এসআরবি। নিরাপত্তা নিশ্চিতে দুটি সার্বক্ষণিক টহল দল, গোয়েন্দা নজরদারি এবং ৩৪ জন সদস্য দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানিমূলক পোস্ট ও অপপ্রচার প্রতিরোধে এসআরবির সদর দপ্তর, রাজশাহী এবং স্থানীয় সিকিউরিটি সেলের মাধ্যমে সার্বক্ষণিক সাইবার মনিটরিং করা হচ্ছে। পূজাকে কেন্দ্র করে যাতে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, রাতে বিদ্যুৎ না থাকলে বিকল্প আলোর ব্যবস্থা প্রস্তুত রাখা এবং প্রতিমা বিসর্জনের সময় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।
মোঃআশরাফুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ