
(১০ ঘন্টা আগে) ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ৬:৩৬ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও অসহায়-দুঃস্থ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় শতাধিক পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে জেলা পরিষদ। রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টায় জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব মশারি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গু বর্তমানে একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা। শুধু ওষুধ ছিটিয়ে এ রোগ প্রতিরোধ করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। বিশেষ করে অসহায় ও দুঃস্থ মানুষ মশারির অভাবে ডেঙ্গুর ঝুঁকিতে থাকেন। তাঁদের সুরক্ষায় জেলা পরিষদের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, জনগণের পাশে দাঁড়ানো জেলা পরিষদের অন্যতম দায়িত্ব। মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। এতে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। মশারি পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোঃআশরাফুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ