banglahour

তালপাতায় পুঁথিচিত্র লিখন ইউনেস্কো'র সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে অন্তর্ভুক্ত করা হবে

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১২ মে ২০২৩, শুক্রবার, ৮:৩০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:২৪ পূর্বাহ্ন

ঢাকা: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, তালপাতায় পুঁথিচিত্র লিখন ও নকশা বা খোদাই পদ্ধতিকে ইউনেস্কো'র অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে অন্তর্ভুক্ত করা হবে। আর এ সংক্রান্ত প্রস্তাব পাঠাবে বাংলাদেশ জাতীয় জাদুঘর।তালপাতার উপর ছবি এঁকে ও লিখে সেটাকে খোদাই করে পুঁথিচিত্র তৈরি একটি অনুপম শৈল্পিক কারুকার্য এবং বাংলাদেশে এটি প্রথম।

বঙ্গবন্ধুর বিপ্লবী জীবনের বিভিন্ন অধ্যায় এবং বাঙালি জাতির ঐতিহাসিক পর্বগুলোকে প্রতীকীভাবে ধারণ করে ফ্রান্স-প্রবাসী কবি ও নাট্যকার চয়ন খায়রুল হাবিবের দীর্ঘ কবিতা ‘বাঙালির পরিচয় কাব্য’ অবলম্বনে তালপাতায় পুঁথি-চিত্রটি অলংকরণ ও নকশা করেছেন বাংলাদেশের খ্যাতনামা শিল্পী আফরোজা জামিল কংকা; খোদাই কাজ করেছেন ভারতের ওড়িশা রাজ্যের কারুশিল্পী প্রশান্ত মাহারানা। এ মহতী উদ্যোগ গ্রহণের জন্য শহিদ কর্ণেল জামিল ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

প্রতিমন্ত্রী শুক্রবার বিকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে কর্ণেল জামিল ফাউন্ডেশন আয়োজিত শিল্পী আফরোজা জামিল কংকা -এর শিল্পচিত্র ও কবি চয়ন খায়রুল হাবিব -এর কাব্য অবলম্বনে 'বাঙালির পরিচয় কাব্য' শীর্ষক তালপাতা পুঁথি-চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, তালপাতার পাখা মানুষের আদি ও অকৃত্রিম বন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধুও কারাজীবনে তালপাতার পাখা ব্যবহার করেছেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, চয়ন খায়রুল হাবিব রচিত ‘বাঙালির পরিচয়' কাব্যগ্রন্থটি প্রথাগত পুঁথিপড়ার সুর ও ছন্দে রেকর্ড করা হলে সেটি সর্বসাধারণের কাছে অধিক গ্রহণযোগ্য ও সামঞ্জস্যপূর্ণ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক মোঃ কামরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ, বরেণ্য শিল্পী অধ্যাপক হাশেম খান,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ফ্রান্স প্রবাসী কবি ও নাট্যকার চয়ন খায়রুল হাবিব। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী আফরোজা জামিল কংকা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল