
(১০ ঘন্টা আগে) ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ৬:৪১ অপরাহ্ন
ভৈরবে দিনে দুপুরে ২ ভাই কে কুপিয়ে আহত করে ১৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে একটি চক্র। আজ রোববার বেলা দেড়টার দিকে শহরের চন্ডিবের মধ্যপাড়া ৩ রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয় লোকজন তাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতরা হলো মাসুদ রানা ও তার সহোদর ভাই নুরুল হক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। খাজা ষ্টিলের স্বত্বাধিকারী আহত নুরুল হক ও তার স্বজনরা জানান, আজ দুপুরে চন্ডিবের মধ্যপাড়া নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসার কালেকশনের ১৬ লাখ টাকা নিয়ে ভৈরব বাজারে ব্যাংকে জমা দেয়ার জন্য তার ভাই মাসুদ রানা কে সাথে নিয়ে ৩ রাস্তার মোড়ে পৌছলে মোহাম্মদ আলীসহ ৪/৫ জন দেশীয় অস্ত্র নিয়ে পেছন থেকে হামলা চালিয়ে কুপিয়ে পিটিয়ে তাদের কাছ থেকে ২৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় । ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক আসিবুল হক জানান,ঘটনার সংবাদ পেয়ে তারা হাসপাতালে ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। আহতদের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।