
(১ ঘন্টা আগে) ১৯ অক্টোবর ২০২৬, সোমবার, ১:৫৪ অপরাহ্ন
সুন্দরবনের ভোলা নদী থেকে প্রায় ২৬০ টন অবৈধ ইন্দোনেশীয় কয়লাবোঝাই একটি বাল্কহেড কার্গো জাহাজ আটক করেছে বন বিভাগ।এ সময় জাহাজে থাকা ৯ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—তরিকুল ইসলাম (৩৪), দুলাল হাওলাদার (৩৪), সুমন তালুকদার (২১), নুরনবী (৩০), এনায়েত করিম (৪০), মো. ওবায়দুল (২২), মামুন (২২), মো. লায়েক মিয়া (৫০) ও কবির হোসেন (৩০)। আটককৃতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় বলে জানিয়েছে বন বিভাগ।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, মোংলার পশুর নদীর জয়মনি এলাকায় অবস্থানরত একটি মাদার ভ্যাসেল (বড় জাহাজ) থেকে ২৬০ টন ইন্দোনেশীয় কয়লা কার্গো জাহাজটিতে বোঝাই করা হয়েছিল। পরবর্তীতে নির্ধারিত গন্তব্যে না গিয়ে সুন্দরবনের অভ্যন্তরীণ রুট ব্যবহার করে অন্য কোথাও কয়লা পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এই কয়লার কোনো বৈধ মালিক বা দাবিকৃত নথিপত্র পাওয়া যায়নি।
অভিযানের নেতৃত্ব দেওয়া শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায় জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে রোববার বিকেল সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে নিয়মিত টহল দেওয়ার সময় এটি আটক করা হয়।পরে আটক ব্যক্তি ও কয়লাবোঝাই জাহাজটি শরণখোলা স্টেশন ঘাটে নিয়ে আসা হয়েছে।
এদিকে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, সুন্দরবনের ভেতরে কয়লা বোঝাই জাহাজ আটকের বিষয়টি তিনি জেনেছেন। বন বিভাগের পক্ষ থেকে লিখিত অভিযোগ বা এজাহার পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বন আইন ও পাচার সংক্রান্ত ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।