banglahour

টাইগারের উপরে হামলার পর ফের সালমানকে নিয়ে উদ্বেগ, বাড়ানো হয়েছে নিরাপত্তা

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১২ ঘন্টা আগে) ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৪:৫৯ অপরাহ্ন

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনায় উদ্বেগ বেড়েছে বলিউডে। তাই নিরাপত্তা বাড়ানো হল বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির সামনেও। ভারতীয় গণমাধ্যমের সংবাদ অনুযায়ী এলাকার নিরাপত্তাও বাড়িয়েছে পুলিশ। সালমানের বাড়ির আশপাশের গাড়িগুলির তল্লাশি করা হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

রবিবার মুম্বাইয়ের জুহুতে একটি ফুটবল মাঠের বাইরে গুলি চালানো হয় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে। এই হামলার সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজস্থানের কোটা রেল স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়। মুম্বাই থেকে দিল্লিগামী ট্রেনে যাত্রা করার সময় রাজস্থান পুলিশের সহযোগিতায় তাদের গ্রেফতার করেছে রাজস্থানের সন্ত্রাসদমন বাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে এক জন মহারাষ্ট্রের বাসিন্দা। বাকি দু’জন হরিয়ানার বাসিন্দা। ঘটনার পর থেকে তারা পালিয়ে বেড়াচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

এই ঘটনার সঙ্গে নতুন করে আলোচনায় উঠে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভয়েস মেসেজ। ওই বার্তায় লরেন্স বিশ্নোইয়ের গোষ্ঠীর তরফে টাইগারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সালমান খানের সঙ্গে টাইগারের সম্পর্কের প্রসঙ্গও সেখানে উঠে এসেছে।

এছাড়া, অনমোল বিশ্নোই নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়া একটি পোস্ট ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। ওই পোস্টে হামলার দায় স্বীকার করেছেন লরেন্স বিশ্নোইয়ের গোষ্ঠীর অনিল পণ্ডিত এবং হরমন সন্ধু। তবে পোস্টটির সত্যতা এবং হামলার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও নিশ্চিত হতে পারেন নি পুলিশ।

সেই পোস্টে দাবি করা হয়েছে, এর আগে টাইগারকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি সেই সতর্কতা উপেক্ষা করেছেন। পাশাপাশি, সালমান খানের সঙ্গে কাজ চালিয়ে গেলে অথবা তাদের গোষ্ঠীর দাবি না মানলে মুম্বাইয়ের চলচ্চিত্র জগতের অন্যদেরও আক্রমণ করা হতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে। পোস্টের শেষে লেখা হয়েছে, “এবার অপেক্ষা করুন, তার পর কী হয় দেখুন।” তবে এই পোস্টের সঙ্গে হামলাকারীদের সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয় পুলিশ।

উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের ১৪ এপ্রিল ভোরবেলা মুম্বাইয়ে সালমানের অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। মোটরবাইকে এসে দুই ব্যক্তি পাঁচ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ রয়েছে। সেই ঘটনার কথা মাথায় রেখেই সালমানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা অবলম্বনে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল