banglahour

ধামরাইয়ে ঘুষ দাবির অভিযোগে এএসআই প্রত্যাহার

সারাদেশ | মো সাফায়েত খান ওপেল। ধামরাই প্রতিনিধি।

(২ সপ্তাহ আগে) ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৫:০২ অপরাহ্ন

 

ঢাকার ধামরাইয়ে তিন পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটকের পর তাঁকে ছেড়ে দিতে পরিবারের কাছে ঘুষ দাবির অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে। এ ঘটনায় আল মামুন নামের ওই পুলিশ কর্মকর্তাকে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান।

ওসি জানান, আল মামুনকে রাজারবাগ পুলিশ লাইনসে পাঠানো হয়েছে। তবে কী অভিযোগে তাঁকে সেখানে সংযুক্ত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের দ্বিতীয় মহিষাসী এলাকায় মো. হান্নান মৃধা নামের এক ব্যক্তিকে তিন পিস ইয়াবাসহ আটক করেন এএসআই আল মামুন।

হান্নান মৃধার পরিবারের অভিযোগ, আটকের পর তাঁকে ২০০ পিস ইয়াবাসহ আটক দেখিয়ে মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। তাঁকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তাঁর স্ত্রীর কাছে ৭০ হাজার টাকা দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা। একপর্যায়ে ১৫ হাজার টাকা দেওয়া হলেও পরে আরও ১৫ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ পরিবারের।

এ ঘটনায় সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর পরই এএসআই আল মামুনকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, এ ঘটনায় তিনি এখনো কোনো লিখিত আদেশ পাননি। মৌখিক নির্দেশনার ভিত্তিতে ওই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইনসে পাঠানো হয়েছে। তাঁকে ক্লোজড করা হয়েছে, নাকি সাময়িক বরখাস্ত করা হয়েছে, তা লিখিত আদেশ পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। অভিযোগের বিষয়ে তাঁকে বিস্তারিত জানানো হয়নি বলেও জানান তিনি।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল