
(২ সপ্তাহ আগে) ২১ অক্টোবর ২০২৬, বুধবার, ১২:৪৫ অপরাহ্ন
কিশোরগঞ্জের কটিয়াদীতে মেলার আড়ালে অসামাজিক কর্মকাণ্ড ও মাদক সেবনের অভিযোগে অভিযান চালিয়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কটিয়াদী পৌর এলাকার দড়ি চরিয়াকোনাস্থ 'মনা পাগলা মাজার মেলা'য় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— নরসিংদী জেলার বেলাব উপজেলার জংগা গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মো. আবুল বাশার (৭২), একই গ্রামের মৃত ইছাকের ছেলে সাদু মিয়া (৬৭), জংগা কারার বাড়ির মৃত উসমান গণির ছেলে সরাজ মিয়া (৫০) এবং কটিয়াদী উপজেলার মূমুরদিয়া গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মো. নূরু মিয়া (৪৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর এলাকার দড়ি চরিয়াকোনায় ঐতিহ্যবাহী 'মনা পাগলা' মাজারকে কেন্দ্র করে আয়োজিত একদিনের মেলায় অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবনের গোপন আস্তানা গড়ে তোলে। স্থানীয় বাসিন্দাদের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে সেখানে আচমকা অভিযান চালান ও মাদকচক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে গাঁজাসহ ওই চারজনকে হাতেনাতে আটক করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান ও প্রত্যেককে ৩০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা জানান,মেলার সুযোগ নিয়ে কিংবা অন্য যেকোনো উপায়ে এলাকায় মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ কোনোভাবেই বরদাশত করা হবে না। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনস্বার্থ রক্ষায় প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত ও কঠোরভাবে অব্যাহত থাকবে।