banglahour

কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জন: অশ্রুসজল নয়নে দেবী দুর্গাকে বিদায় জানালেন পাহাড়ের ভক্তরা

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৯ ঘন্টা আগে) ২১ অক্টোবর ২০২৬, বুধবার, ৮:০৮ অপরাহ্ন


ভক্তদের অশ্রুসজল নয়ন, অঞ্জলি আর সিঁদুর খেলার শুভ লগ্নে মর্ত্যলোক ছেড়ে কৈলাসে পতিগৃহে ফিরে যাচ্ছেন পরম আরাধ্য দেবী দুর্গতিনাশিনী। বুধবার (২১ অক্টোবর) শুভ বিজয়া দশমীতে বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে কাপ্তাই হ্রদের নীল জলে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ছয় দিনব্যাপী আবেগ ও শ্রদ্ধার শারদীয় দুর্গোৎসব।
বুধবার (২১ অক্টোবর) ভোর থেকেই রাঙ্গামাটির ৪৭টি পূজা মণ্ডপে বিজয়া দশমীর নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় দশমীর বিশেষ অঞ্জলি। প্রতিটি মণ্ডপে ভক্তরা ভোর থেকে উপবাস থেকে মা দুর্গার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। দেবী মায়ের চরণ ছুঁয়ে ব্যাকুল প্রার্থনায় বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি ও সার্বিক মঙ্গল কামনা করেন সব বয়সের নারী-পুরুষ। বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর বিবাহিত নারীরা মেতে ওঠেন ঐতিহ্যবাহী সিঁদুর খেলায়, যা সিঁথিতে ধারণ করে স্বামীর দীর্ঘায়ু ও সংসারের কল্যাণ কামনা করেন তারা।


এর আগে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত রাঙ্গামাটির মণ্ডপগুলোতে ছিল ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঢাকের বাদ্য, কাঁসরের ঘণ্টা আর মনোমুগ্ধকর আলোকসজ্জায় পুরো পাহাড়ি শহর রূপ নিয়েছিল এক মিলনমেলায়। দুপুরের নির্ধারিত সময়ে দেবী দুর্গার ‘দর্পণ বিসর্জন’-এর মাধ্যমে শাস্ত্রীয় পূজার মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং মঙ্গলঘট স্থানান্তরের মাধ্যমে পূজা সমাপ্তির রূপ পায়।


বিকেলে শহরজুড়ে মণ্ডপগুলো থেকে বের হয় বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রা। ঢাক-ঢোল ও কাঁসরের তালে পাহাড়ি আঁকাবাঁকা পথ অতিক্রম করে শোভাযাত্রাটি গিয়ে পৌঁছে কাপ্তাই হ্রদের তীরে। শান্ত হ্রদের বুকে অশ্রুনয়নে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়ার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে পাহাড়ের এই শারদীয় উৎসবের।


শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন ঘটেছিল ‘ঘোটকে’ (ঘোড়া) চড়ে এবং গমন করছেন ‘নৌকায়’। দেবী দুর্গার এই আগমন ও গমনের পৌরাণিক অর্থ ও ব্যাখ্যায় ভক্তরা যেমন শুভ বার্তা খুঁজে নিচ্ছেন, তেমনই দেবী চরণে বিদায়ী প্রণাম জানিয়ে ও মিষ্টিমুখ করে সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠেছেন কোলাকুলি ও বিজয়ার শুভেচ্ছা বিনিময়ে। বিদায়ের সুর আকাশে-বাতাসে বিষাদ ছড়িয়ে দিলেও ভক্তদের হৃদয়ে এখন কেবলই এক বছরের আকুল প্রতীক্ষা‘-আসছে বছর আবার হবে’।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল