banglahour

ডেঙ্গু পরিস্থিতি দেখতে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসচিব, চিকিৎসক সংকট নিরসনের আশ্বাস

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৭ ঘন্টা আগে) ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৬:২৫ অপরাহ্ন

ডেঙ্গুর হটস্পট হিসেবে পরিচিতি পাওয়া চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ। এ সময় তিনি ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন এবং পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জেলা হাসপাতালের চিকিৎসক সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর  ২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে যান স্বাস্থ্যসচিব। সেখানে ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ ছাড়া হাসপাতালের অন্যান্য ওয়ার্ডও পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যসচিব বলেন, দেশের যেসব জেলায় ডেঙ্গুর বিস্তার ঘটেছে, চাঁপাইনবাবগঞ্জ তার মধ্যে অন্যতম। জেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক বেশি হলেও পার্শ্ববর্তী রাজশাহী, নাটোর ও বগুড়ায় রোগীর সংখ্যা তেমন নয়। চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর বিস্তার বেশি হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

স্বাস্থ্যসচিব আরও বলেন, শুধু হাসপাতালে রোগীদের চিকিৎসা দিলেই ডেঙ্গু পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। এ জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চিকিৎসাসেবার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

পরে স্বাস্থ্যসচিব হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসক সংকটের বিষয়টি তুলে ধরলে শূন্য পদ পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তারসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল