
(৪ ঘন্টা আগে) ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১১:১৪ পূর্বাহ্ন
দেশের প্রথিতযশা গিটারবাদক রাসেল খান ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় স্ট্রোক করে বৃহস্পতিবার সকালে (২২ অক্টোবর ২০২৬) মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
রাসেল খান রাজধানীর বনানীতে তাঁর বড় বোনের বাসায় অবস্থান করছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে বাথরুমে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলে চিকিৎসক এসে তাঁকে মৃত ঘোষণা করেন এবং জানান তাঁর স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি দেশের প্রথম সারির প্রায় সব সংগীতশিল্পীর সাথে গিটার বাজিয়েছেন। গিটার বাজানোর পাশাপাশি তিনি চমৎকার গানও গাইতেন। গত ১৩ অক্টোবর মানিকগঞ্জের একটি অনুষ্ঠানই ছিল তাঁর জীবনের শেষ মঞ্চ পরিবেশনা।
আজ বেলা সাড়ে তিনটায় বনানীতে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দাফনের জন্য তাঁর মরদেহ মুন্সীগঞ্জের বিক্রমপুরে তাঁর পৈতৃক গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
রাসেল খানের মৃত্যুর খবরে সংগীতাঙ্গনে শোক নেমে এসেছে। ফেসবুকে শোক জানাচ্ছেন তাঁর সহকর্মী, শিল্পী ও শুভানুধ্যায়ীরা। একসঙ্গে কাজের স্মৃতি তুলে ধরে তাঁকে স্মরণ করছেন অনেকে।