
(১ ঘন্টা আগে) ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার, ৩:০১ অপরাহ্ন
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে বিশ্রাম নেওয়ার কথা জানিয়েছেন অমিতাভ বচ্চন। চিকিৎসকেরা তাঁকে কয়েক দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন বলিউডের শাহেনশা।
সামাজিক যোগাযোগমাধ্যমে অমিতাভ বচ্চন লিখেছেন,“আমাকে ক্ষমা করবেন। চিকিৎসকেরা আমাকে কয়েক দিন বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন। তাই আপাতত কিছু লিখতে পারছি না…।”
চলতি মাসের শুরুতে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-এর একটি পর্বে হাঁটুতে চোট পাওয়ার কথা জানিয়েছিলেন অমিতাভ। তার আগের দিন শুটিং চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। সাধারণত দাঁড়িয়ে দর্শকের সঙ্গে কথা বলেন অভিনেতা। কিন্তু সে দিন তাঁকে বসেই অনুষ্ঠান শুরু করতে দেখা যায়।
অমিতাভ সেদিন বলেছিলেন, “সাধারণত মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আমি আমার কথা বলি। কিন্তু আজ আমার হাঁটুতে চোট লেগেছে।” এর পরেই তিনি বলেন, “গতকাল শুটিং চলাকালীন পা পিছলে পড়ে গিয়েছিলাম। তাতেই হাঁটুতে চোট লাগে।”
কথা বলার সময় বাঁ হাঁটুর দিকে ইঙ্গিত করেন অভিনেতা। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন স্টুডিওতে উপস্থিত সকল দর্শক। তবে চোট গুরুতর নয় বলে তাঁদের আশ্বস্ত করেন অমিতাভ। প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময় দাঁড়িয়ে থাকবেন বলেও জানান তিনি। কিন্তু অস্বস্তির কারণে অনুষ্ঠানের শুরুর দিকে বসে থাকার সিদ্ধান্ত নেন। দর্শকেরা সেদিন তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
এর আগে জুলাই মাসেও তার একটি পোস্ট ঘিরে উদ্বেগ ছড়িয়েছিল অনুরাগীদের মধ্যে।হাসপাতালে ভর্তি হওয়া, অস্ত্রোপচার, আইসিইউ এবং সুস্থ হয়ে ওঠার কঠিন সময় নিয়ে তখন লিখেছিলেন তিনি। যদিও নিজের শারীরিক অবস্থা সম্পর্কে সরাসরি কিছুই জানাননি। তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লেখা, না কি সাধারণ ভাবনা-সেই বিষয়টিও স্পষ্ট করেননি।
তার আগে মে মাসে অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর ছড়িয়েছিল। পরে এক প্রতিবেদনে খবর প্রকাশিত হয় সেই খবর সত্যি নয়। নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার জন্য নানাবতী হাসপাতালে গিয়েছিলেন বলিউডের শাহেনশা এবং সে দিনই তিনি বাড়ি ফিরে আসেন।
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা অবলম্বনে।