
(৩ ঘন্টা আগে) ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১০:১৫ অপরাহ্ন
রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভ্যাল অ্যারেনায় আয়োজিত ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ কনসার্টে জেমস ও নগরবাউলের পরিবেশনা শুরুর আগে নিরাপত্তা ব্যারিয়ার ভেঙে হাজারো দর্শক ভেতরে ঢুকে পড়েন। শুক্রবার (২৩ অক্টোবর, ২০২৬) সন্ধ্যায় এ বিশৃঙ্খলা তৈরি হয়।
দুপুর থেকে ভক্তদের ভিড় বাড়লে জেমস মঞ্চে ওঠার মুহূর্তে ব্যারিকেড ভেঙে যায় এবং হাজার হাজার দর্শক বিনা টিকিটে প্রবেশ করেন।
এই পরিস্থিতিতে টিকিট কাটা দর্শকরা চরম ভোগান্তিতে পড়েন এবং ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি সামাল দিতে আয়োজকরা প্রধান ফটক খুলে দিতে বাধ্য হন।
জেমস ছাড়াও কনসার্টে দীর্ঘ ১২ বছর পর ওয়ারফেজের সঙ্গে অনি হাসানের পারফর্ম্যান্স এবং হাসান, অর্থহীন, শূন্য ও এ কে রাহুলের পরিবেশনা ছিল।
এর আগে সংবাদ সম্মেলনে আয়োজন সম্পর্কে অ্যাডভেনটর কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক জনি বলেন, 'রক এন রিদম’র পঞ্চম সিজনে আমরা এমন কিছু নতুনত্ব নিয়ে আসছি, যা বাংলাদেশের কনসার্টের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।'
তিনি আরও জানান, 'এবারের আয়োজনটি চলতি বছরের অন্যতম বড় কনসার্ট হিসেবে দর্শকদের সামনে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে।'