
(১ ঘন্টা আগে) ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ১:১৪ অপরাহ্ন
পরীমনি বাংলাদেশের একজন জনপ্রিয় এবং আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৯২ সালের ২৪ অক্টোবর সাতক্ষীরায় জন্মগ্রহণ করা এই অভিনেত্রীর কর্মজীবন শুরু হয় মডেলিংয়ের মাধ্যমে।
তাঁর আসল নাম শামসুন্নাহার স্মৃতি হলেও চলচ্চিত্র অঙ্গনে তিনি 'পরীমনি' নামেই পরিচিত।
পরীমনি তার বাবার মতো পুলিশ হতে চেয়েছিলেন। তবে তিনি মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয়ের মাধ্যমে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন। মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছিলেন পরীমনি।
২০১৩ সালে 'ভালোবাসার রঙ' চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করার কথা থাকলেও তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হলো ‘ভালোবাসা সীমাহীন’ (২০১৫)।
পরীমনি অভিনীত এবং আলোচিত কিছু সিনেমা ও ওয়েব কনটেন্ট হলো: • স্বপ্নজাল • বিশ্বসুন্দরী • রক্ত • স্ফুলিঙ্গ • আমার প্রেম আমার প্রিয়া • ভালোবাসা সীমাহীন • সেপারেশন (ওয়েব ফিল্ম)
চলচ্চিত্রের কাজের স্বীকৃতিস্বরুপ পরীমনি বিভিন্ন পুরষ্কার লাভ করেছেন।
তাঁর উল্লেখযোগ্য পুরস্কারগুলো হলোঃ বাবিসাস পুরস্কার(২০১৬), মেরিল-প্রথম আলো পুরস্কার (২০১৯), ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার (২০১৯), সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার (২০২০)।
কর্মজীবনের চাইতে ব্যক্তিগত জীবনে পরীমনি অত্যধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি বিভিন্ন জাতীয় পুরস্কারে বিজয়ী ও মনোনীত হয়েছেন। এছাড়াও তিনি ২০২০ সালে ফোর্বস এশিয়ার ১০০ জন সেলিব্রিটির তালিকাতেও অন্তর্ভুক্ত ছিলেন।
ছবি মুক্তির বাইরে মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে বিভিন্ন সময়ে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি।
বাংলা চলচ্চিত্রের ডানাকাটা পরী অভিনেত্রী পরীমনির জন্মদিনে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও অভিনন্দন।