
(১ ঘন্টা আগে) ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৩:২৪ অপরাহ্ন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন।
এরই ধারাবাহিকতায় জামালপুর সদর উপজেলার ২নং শরিফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনসমর্থন নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক সফল ছাত্রনেতা ও যুবসংগঠক মেহেদী হাসান কনক।
সকালে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে তিনি ৩ শতাধিক মোটরসাইকেল নিয়ে বিশাল শোভাযাত্রা ও গণসংযোগ করেছেন।
সকালে নিজ বাসভবন থেকে বের হয়ে তিনি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে এই মোটরসাইকেল শোডাউন বের করে।
এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
মোটরসাইকেল শোভাযাত্রাটি সেখান থেকে বের হয়ে শরিফপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় ৪০টি গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে শোভাযাত্রাটি পুনরায় তাঁর বাসভবনে গিয়ে শেষ হয়। সেখানে উপস্থিত সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত নির্বাচনী বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান প্রার্থী কনক।
সংক্ষিপ্ত বক্তব্যে কনক বলেন, শরিফপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন মেহেদী হাসান কনক। তিনি বলেন, “আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছি। দল যদি আমার বিগত দিনের ত্যাগ ও রাজনৈতিক দূরদর্শিতার মূল্যায়ন করে আমাকে মনোনয়ন প্রদান করে, তবে সাধারণ মানুষকে সাথে নিয়ে শরিফপুর ইউনিয়নকে একটি স্মার্ট, নিরাপদ ও সমৃদ্ধ ইউনিয়নে রূপান্তর করব।”
উন্নয়ন ও সমাজকল্যাণমূলক বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি জানান, নির্বাচিত হলে ইউনিয়ন থেকে মাদক ও জুয়া পুরোপুরি নির্মূল করতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে। শিক্ষার পরিবেশ উন্নত করতে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সংস্কারের পাশাপাশি আধুনিক শিক্ষা নিশ্চিত করা হবে। অবহেলিত ও খানাখন্দে ভরা রাস্তাঘাটের আমূল পরিবর্তন ঘটিয়ে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। এছাড়া তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারের পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান ও আধুনিক বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, মেহেদী হাসান কনক শরিফপুরের ঐতিহ্যবাহী রাঙ্গামাটিয়া গ্রামের সম্ভ্রান্ত 'হাজীবাড়ির' সন্তান। তিনি শ্রীরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আজীবন সদস্য এবং রাঙ্গামাটিয়া ঈদগাহ সংলগ্ন মসজিদের আজীবন সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুম আলহাজ শাহাদত হোসেনের একমাত্র নাতি। তাঁর পিতা শাহ আলী বাচ্চু একজন প্রবীণ সাংবাদিক, মানবাধিকার কর্মী, জামালপুর প্রেস ক্লাবের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং 'দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন' পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক।
রাজনৈতিক জীবনে ২০০৮ সালে মরহুম সাইদুর রহমান খোকার হাত ধরে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে পদার্পণ করেন কনক। পরবর্তীতে যুবদলের নেতৃত্বের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে তিনি তৃণমূলের সুখে-দুঃখে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।