banglahour

আসিফ বললেন ‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’

বিনোদন | নিজস্ব প্রতিবেদক।

(১ দিন আগে) ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ৫:৩৯ পূর্বাহ্ন

রাজধানীর মগবাজারে নিজের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় সংগীতশিল্পী আসিফ আকবর জানিয়েছেন, কারা বা কী উদ্দেশ্যে এই গুলি করেছে সে বিষয়ে তার কোনো সুনির্দিষ্ট ধারণা নেই।

ঘটনাটি নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন আসিফ আকবর। তিনি জানিয়েছেন, ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না, বরং বিশাল সেন্টারের তৃতীয় তলায় তার নিজস্ব আইপি স্টুডিওতে কাজ করছিলেন। তিনি সম্পূর্ণ সুরক্ষিত ও নিরাপদ আছেন।

আসিফ জানিয়েছেন, হামলাকারীরা সম্ভবত তার প্রতিদিনের রুটিন সম্পর্কে জানত। তিনি সাধারণত রাত ৮টা-সাড়ে ৮টার দিকে অফিসে আসেন এবং ফজর নামাজের পর বাসায় ফেরেন। দুর্বৃত্তরা ঠিক ভোর পৌনে ৫টার দিকে এই সুযোগটিই নিয়েছিল।

স্টুডিওতে থাকার সময় সিসিটিভি মনিটরে নিজের মতো দেখতে একজনকে নিচে হেঁটে যেতে দেখেছিলেন বলে জানান আসিফ, তবে ওপর থেকে তিনি গুলির শব্দ শুনতে পাননি।

পুলিশের প্রাথমিক তদন্ত এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ অনুযায়ী, ভোর পৌনে ৫টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আসে। অটোরিকশা থেকে এক যুবক নেমে আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েই আবার অটোরিকশায় উঠে মালিবাগের দিকে পালিয়ে যায়। গুলিতে আসিফের গাড়ির কাচ ভেঙে গেছে এবং পুলিশ গাড়ির ভেতর থেকে একটি কার্তুজ উদ্ধার করেছে।

কারও সাথে পূর্বশত্রুতা বা ব্যবসায়িক বিরোধ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করতে হাতিরঝিল থানা পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। আসিফের স্ত্রী সালমা আসিফ মিতুও জানিয়েছেন, এই ঘটনার জন্য তারা সুনির্দিষ্টভাবে কাউকেই সন্দেহ করতে পারছেন না।

উল্লেখ্য, শনিবার (২৪ অক্টোবর, ২০২৬) ভোরে মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্ক করা সংগীতশিল্পী আসিফের গাড়ি লক্ষ্য করে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল