
(২ ঘন্টা আগে) ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ২:৩৭ অপরাহ্ন
পরিবহন মালিকদের দ্বন্দ্বের জেরে আজ সকাল থেকে কিশোরগঞ্জ-মহাখালী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। এতে এ রুটে চলাচলকারী বেসরকারি পরিবহনের সব বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির নেতারা জানান, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর যাত্রীসেবার মান উন্নয়নে পুরোনো বাস পরিবর্তন করে নতুন বাস চালুর উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে ঢাকার পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা হলে তারাও সম্মতি দেন। পরে কিশোরগঞ্জের মালিকরা পুরোনো বাস পরিবর্তন করে নতুন বাস সড়কে নামালেও ঢাকার মালিকরা পুরোনো বাস পরিবর্তন করেননি। বরং এ রুটে অতিরিক্ত আরও দুটি বাস যুক্ত করেন।
এ নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল। তবে গতকাল ঢাকার পরিবহন মালিকদের সঙ্গে কিশোরগঞ্জের মালিকদের দ্বন্দ্ব দেখা দেয় এবং ঢাকায় কাউন্টার বন্ধ করে দেওয়ায় এর পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ থেকে ঢাকার মহাখালী রুটে বেসরকারি কোম্পানির সব বাস চলাচল বন্ধ ঘোষণা করে জেলা পরিবহন মালিক সমিতি।
বাস চলাচল বন্ধের তালিকায় রয়েছে অনন্যা পরিবহনের ৫০টি, অনন্যা ক্ল্যাসিকের ৫৭টি, জলসিঁড়ির ১০০টি এবং উজানভাটির ৩০টি বাস। এতে কিশোরগঞ্জ-মহাখালী রুটে চলাচলকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।