
(২ ঘন্টা আগে) ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ৪:৪৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নতুন স্টেডিয়াম সংলগ্ন টুল ঘর ও আসাদুলের বাড়ির সামনে মাদক, সন্ত্রাস ও ছিনতাইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এবং এর সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর (সোমবার) দুপুর ১২টার দিকে ‘টোলঘর এলাকাবাসী, চাঁপাইনবাবগঞ্জ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন, এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, ছিনতাই এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। নতুন রাস্তা এলাকায় রাতের বেলা পথচারী ও অটোরিকশাচালকদের পথরোধ করে ছিনতাই এবং মারধর করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এছাড়া বোমার ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, মানুষের ঘরবাড়ি থেকে গরু-ছাগল ও বিভিন্ন জিনিসপত্র চুরির অভিযোগও তোলা হয়।
উল্লেখিত অভিযুক্ত ব্যক্তিরা হলেন— ১. মানিক , ২. আসমিরা ৩. আশিক আলী ৪. মোমিন আলী , ৫. মো: আরিফুল ইসলাম ৬. মহিম ৭. এস. এম. রুবেল এবং ৮. আসিকুল। স্থানীয়দের দাবি, অবিলম্বে এই অভিযুক্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।
এ ঘটনায় এর আগে স্থানীয় বাসিন্দা মো: আবু বক্কার বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরে আসে।