banglahour

রৌমারীতে অটোরিকশায় ট্রাকচাপায় পাঁচজন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

সারাদেশ | রাশিদুল ইসলাম রাশেদ। কুড়িগ্রাম।

(২ ঘন্টা আগে) ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ৪:৪৭ অপরাহ্ন


কুড়িগ্রামের রৌমারীতে ধানবোঝাই ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক মো. লুৎফর শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। দুর্ঘটনার আট দিন পর পাবনা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পাবনার আতাইকুলা থানার বনগ্রাম এলাকায় যৌথ অভিযান চালিয়ে লুৎফর শেখকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুর এবং এসআরবি-১২, সিপিসি-২, পাবনার সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

এসআরবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর দুপুর পৌনে ২টার দিকে রৌমারী উপজেলার শিবেরভাঙ্গি এলাকায় বকশীগঞ্জ-রৌমারী পাকা সড়কে দুর্ঘটনাটি ঘটে। রৌমারীগামী ধানবোঝাই একটি ট্রাক যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই পাঁচ যাত্রী নিহত হন। নিহতরা হলেন নজরুল ইসলাম (৫০), শরিফা খাতুন (৫০), লিপি আক্তার (৪৫), শিশু রিশাদ (১০) ও তুবা আক্তার (৮)। এ ঘটনায় বৃষ্টি খাতুন (২৫) নামে আরও এক যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর ট্রাকচালক লুৎফর শেখ পালিয়ে আত্মগোপনে যান। পরে গোয়েন্দা নজরদারি ও যৌথ অভিযানের মাধ্যমে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় চর রাজিবপুরের বাসিন্দা সুরমান আলী (৬৫) বাদী হয়ে ১৮ অক্টোবর রৌমারী থানায় মামলা করেন। গ্রেপ্তারের পর লুৎফর শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রৌমারী থানার ওসি কাওছার আলী বলেন, দুর্ঘটনার পরদিন মামলা করা হয়েছে। এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার ট্রাকচালককে সোমবার (২৬ অক্টোবর) কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল