banglahour

চীবর উৎসর্গের মাধ্যমে রাঙ্গামাটিতে শুরু হয়েছে মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ৮:৩০ অপরাহ্ন


পঞ্চশীল প্রার্থনা ও নানা ধর্মীয় আয়োজন মধ্য দিয়ে রাঙ্গামাটির আসামবস্তী বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে চীবর উৎসর্গের মাধ্যমে শুরু হয়েছে মাসব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের চীবর দান উৎসব।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার ও রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার যৌথ আয়োজনে ২৬তম দানোত্তম কঠিন চীবর দান উৎসবের বৌদ্ধ ধর্মীয় গুরুদের চীবর উৎসর্গের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


সংঘরাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত ধর্মকীর্তি মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।

ধর্মীয় অনুষ্ঠানে প্রধান সদ্ধর্মালোচক হিসেবে ধর্মদেশনা দেন, গহিরা বিদর্শন আচার্য্যরে অধ্যক্ষ ভদন্ত সত্যপাল মহাস্থবির, সিংহলা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মপাল মহাথেরো ও ঝুলিক্কা পাহাড় স্বধর্ম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ প্রিয় ভিক্ষু।

এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম শাকিল, জেলা যুবদলের সাধারন সম্পাদক মো: আবু সাদাৎ মো: সায়েম, বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির সভাপতি সুকুমার বড়ুয়া, সাধারন সম্পাদক সনদ কান্তি বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক উত্তম বড়ুয়া, সান্তু বড়ুয়া, সমাজ কল্যান সম্পাদক স্বপন বড়ুয়া, সহ দপ্তর সম্পাদক শুভ্র বড়ুয়া সেতুসহ বিভিন্ন বিহারের বৌদ্ধ ধর্মীয় গুরু উপস্থিত ছিলেন।

পরে পঞ্চশীলের মাধ্যমে মঙ্গলাচরণের পর ভিক্ষুসংঘকে চীবর উৎসর্গ করা হয়। বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে সমবেত প্রার্থনায় অংশ নিয়ে রাঙ্গামাটি বড়ুয়া সম্প্রদায়ের মানুষ ভিক্ষু সংঘকে চীবর দান করেন। এতে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

ধর্মসভা ও পঞ্চশীল গ্রহণের পর চীবর দানের মাধ্যমে ‘মুক্তির অহিংসা বাণী ছড়িয়ে যাক মানুষে মানুষে এবং সামনের দিনগুলোতে শান্তি ফিরে আসুক ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের’ এমন প্রার্থনার মধ্যদিয়ে চীবর দানের সমাপ্তি ঘটে।

এর আগে ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ছিল, ভোরে পরিত্রাণ পাঠ, পুষ্পপূজা ও ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, শীল গ্রহণ, সংঘদান ও ভিক্ষু সংঘের ধর্ম দেশনা, অনুত্তর পূণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে পিন্ডদান। 
আজ বিকেলে  ছিল উদ্বোধনী সংগীত, দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান, পূজনীয় ভিক্ষু সংঘের ধর্মোপদেশ ও সন্ধ্যায় ফানুস বাতি উত্তোলন।

উল্লেখ্য, মহামতি বুদ্ধের প্রজ্ঞাদীপ্ত শিক্ষা ‘বর্ষাবাস তথা বর্ষাব্রত’ পালনের সমাপনী অনুষ্ঠান শুভ প্রবারণা পূর্ণিমা এবং দানোত্তম কঠিন চীবর দান উৎসব হলো বৌদ্ধদের অতি পবিত্র ও মাহাত্ম্যপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান।

এ পূত-পবিত্র অনুষ্ঠান-উৎসবের মধ্যদিয়ে বৌদ্ধরা তথাগত গৌতম বুদ্ধের পরম কল্যাণময় শিক্ষা চর্চার ব্রত হয়। বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বস্ত্রকে বলা হয় চীবর। তাই এ বৌদ্ধ সন্ন্যাসীদের পরিধেয় বস্ত্রের অভাব দুর করতেই কঠিন চীবর দান অনুষ্ঠান। বৌদ্ধদের কাছে প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান অত্যন্ত গুরুত্ববহ পূণ্যানুষ্ঠান।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল