banglahour

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সারাদেশ | মো সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ৫:৪২ অপরাহ্ন

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার (২৮ অক্টোবর) সকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবার মান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও শৌচাগার ঘুরে দেখেন মন্ত্রী। পাশাপাশি চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে ওষুধের প্রাপ্যতা, চিকিৎসাসেবার মান এবং ভোগান্তির বিষয়ে সরাসরি তথ্য নেন।

এ সময় নিয়োগ পাওয়ার পরও দীর্ঘদিন কর্মস্থলে যোগদান না করা পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) তাৎক্ষণিক নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের পরিচ্ছন্নতা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং দায়িত্ব পালনের বিষয়েও খোঁজখবর নেন তিনি।

পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। সরকারি হাসপাতালে এসে কোনো রোগী যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে দালালচক্রের হয়রানি বন্ধ, চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

হাসপাতালের বিভিন্ন পর্যায়ে চোখে পড়া ছোটখাটো ত্রুটি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন মন্ত্রী। পাশাপাশি রোগীদের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক এই পরিদর্শনকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে বাড়তি তৎপরতা দেখা যায়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল