
(১ সপ্তাহ আগে) ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ১০:৩১ পূর্বাহ্ন
আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে সাগর ও নদীতে মাছ শিকারের উপর দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা। তাই গভীর সাগরে যাত্রার উদ্দেশ্যে মৎস্যবন্দর মহিপুরের ও আলিপুরের ট্রলার মেরামত, ট্রলার ধোয়া মোচা ও ট্রলারে জাল তোলা সহ আনুসঙ্গিক সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলেরা। জেলেদের আশা এবার তাদের জালে ধরা পড়বে কাংখিত ইলিশ। তবে নিষেধাজ্ঞাকালীন সরকারী প্রনোদনার চাল প্রকৃত জেলেরা পায়না বলে দাবি তাদের।
এছাড়া এই সময়ে সাগরে পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন ছিলো বলে জানান তারা। তবে অবরোধ শতভাগ সফল হওয়ায় সাগরে গিয়ে জাল ফেললেই জেলেদের জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা। ইলিশের বাঁধাহীন প্রজননের জন্য ০৮ অক্টোবর থেকে ২৯ পর্যন্ত সাগর ও নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলো সরকার। এ সময় অলস সময় পার করেছেন জেলেরা।