
(২ ঘন্টা আগে) ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২:১১ অপরাহ্ন
ঢাকার কেরানীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং 'লিজা গার্মেন্টস'-এর স্বত্বাধিকারী হাজী সিরাজুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। সন্ত্রাসীদের তাণ্ডব হামলা, অফিস কক্ষ ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগে তারা প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায়, একদল সন্ত্রাসী বাহিনী অহেতুক তাণ্ডব চালিয়ে ব্যবসায়ী সিরাজুল ইসলামের অফিস কক্ষে মারাত্মক ভাঙচুর চালায় এবং মালামাল লুটপাট করে নিয়ে যায়। এই ঘটনার পর ভুক্তভোগী ও ব্যবসায়ীদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, প্রধান আসামি হিসেবে দুই আপন ভাই— ইমরান হোসেন রাজ ও সম্রাটসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে অভিযুক্ত করে আসামি করা হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ীরা বলেন, কেরানীগঞ্জের একজন সম্মানিত ব্যবসায়ী ও সমাজসেবকের ওপর এমন ঘৃণিত ও ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীরা আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।
বিক্ষুব্ধ ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, চিহ্নিত সন্ত্রাসী রাজ ও সম্রাটসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে গার্মেন্টস পল্লীর সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।