
(১ সপ্তাহ আগে) ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৬:২৭ অপরাহ্ন
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন গন্দ্রপা এলাকায় বাস ও সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ সাতজন নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বাসচালক ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ (বৃহস্পতিবার) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, গত ২ অক্টোবর দুপুরে ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক সড়কের নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন গন্দ্রপা এলাকায় রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি
দুমড়ে মুচড়ে যায় এবং অটোরিক্সা চালকসহ সাতজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন ছিলো।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। পরে নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি অটোরিক্সা পুলিশ হেফাজতে নেয়া হয়। বাস চালক পালিয়ে যায়।