
(২ ঘন্টা আগে) ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১১:১৯ পূর্বাহ্ন
ঢাকাই চলচ্চিত্রের খল-অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। ২০২৬ সালের ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে দায়িত্ব দেওয়া হয়।
তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন। চুক্তিভিত্তিক এই নিয়োগের মেয়াদ প্রাথমিকভাবে এক বছর।
'বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১'-এর ১২(২) ধারা অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করার শর্তে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
শিবা শানু বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। শিল্পী কল্যাণ ট্রাস্টের শর্ত অনুযায়ী, নতুন পদে যোগ দিতে হলে তাকে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির পদটি ছাড়তে হবে।
১৯৯৮ সালে 'মাতৃভূমি' চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়া শিবা শানু দীর্ঘ ক্যারিয়ারে প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। বিগত কয়েক বছর ধরে তিনি অভিনয়ের পাশাপাশি সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে বেশি সক্রিয় ছিলেন।