
(৩ ঘন্টা আগে) ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১:৪৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন থেকে ১ কেজি ৩৩৩ গ্রাম অবৈধ হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৫, রাজশাহী (সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শুক্রবার (৩০ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে এসআরবি-৫।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ অক্টোবর রাতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের একটি গোরস্থানের ভেতর সন্দেহজনক একটি ব্যাগ পড়ে রয়েছে।
এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত ১১টা ৪৫ মিনিটে সাক্ষীদের উপস্থিতিতে গোরস্থানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি কালো রঙের কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে সাদা স্বচ্ছ পলিপ্যাকে মোড়ানো ১০টি প্যাকেটে মোট ১ কেজি ৩৩৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়।অভিযানের সময় আশপাশে কাউকে না পাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫ মিডিয়া সেল।