
(২ ঘন্টা আগে) ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১২:১২ অপরাহ্ন
আসাদুজ্জামান নূর বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা, আবৃত্তিশিল্পী এবং রাজনীতিবিদ। নাটক ও চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ নাটকে ‘বাকের ভাই’ চরিত্রের জন্য তিনি কিংবদন্তি অভিনেতার খ্যাতি লাভ করেন।
১৯৪৬ সালের ৩১ অক্টোবর নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন আসাদুজ্জামান নূর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেন।
ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত হন। ১৯৬২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে ছাত্র আন্দোলনের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা ঘটে।
আসাদুজ্জামান নূর বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন।
১৯৭২ সালে ‘নাগরিক নাট্যসম্প্রদায়’ থিয়েটার দলের সাথে যুক্ত হয়ে অভিনয় জীবন শুরু হয় তাঁর। তিনি মঞ্চে ৬০০ বারেরও বেশি অভিনয় করেছেন এবং বেশ কয়েকটি নাটক নির্দেশনাও দিয়েছেন।
আসাদুজ্জামান নূর অভিনীত কালজয়ী টিভি নাটকগুলো হচ্ছে, এইসব দিনরাত্রি (১৯৮৫), বহুব্রীহি (১৯৮৮), অয়োময় (১৯৮৮), এবং কোথাও কেউ নেই (১৯৯০)।
আসাদুজ্জামান নূর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে, হুলিয়া, দহন (১৯৮৫), শঙ্খনীল কারাগার (১৯৯২), এবং মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত চলচ্চিত্র আগুনের পরশমণি (১৯৯৪)।
শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য ২০১৮ সালে তাঁকে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ প্রদান করা হয়।
১৯৯৮ সালে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলে যোগদান করেন তিনি। ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি নীলফামারী-২ আসন থেকে টানা পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি সংস্কৃতিবিষয়ক মন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।
জুলাই আন্দোলনের সময় মিরপুর ও রমনা থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলাসহ কয়েকটি মামলায় পুলিশ তাঁকে গ্রেফতার করে। বর্তমানে তিনি বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূরের জন্মদিনে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।