banglahour

খাদ্যপণ্য পরিবহনে সাজেক সড়কে রোববার ১২ ঘণ্টা অবরোধ শিথিল, সোমবার থেকে ফের কর্মসূচি

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১৮ ঘন্টা আগে) ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১০:৫৬ অপরাহ্ন


নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ পণ্য পরিবহনের সুবিধার্থে রোববার (১ নভেম্বর) এক দিনের জন্য সাজেক সড়কের অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা যানবাহন চলাচলের সুযোগ থাকবে। এসময় সাধারণ যানবাহন ও পণ্য পরিবহনে সুযোগ দেওয়া হবে। তবে সোমবার (২ নভেম্বর) থেকে পুনরায় অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।


শুক্রবার (৩০ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা। তবে নির্ধারিত সময় শেষে আবারো সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।


ভিডিও বার্তায় তিনি জানান, পাহাড়ি সম্প্রদায়ের মাসব্যাপী ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উপলক্ষে বৌদ্ধ ভিক্ষুদের যাতায়াতের সুবিধার্থেও অবরোধ শিথিল করা হবে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য আলোচনা সাপেক্ষে বিশেষ শিথিলতার ব্যবস্থা রাখা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিহার বা ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে আন্দোলনকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। তৃতীয় দফার অবরোধের নবম দিন শেষে শুক্রবার রাতে এক দিনের জন্য কর্মসূচি শিথিলের এ ঘোষণা আসে। 


এদিকে শনিবার (৩১ অক্টোবর) রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে চলমান অনির্দিষ্টকালের অবরোধ দশম দিনে গড়িয়েছে। অবরোধের কারণে সাজেকের সঙ্গে বাঘাইছড়ি উপজেলা সদর ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন রয়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও চরম ভোগান্তিতে পড়েছেন।


অন্যদিকে টানা অবরোধের কারণে সাজেক এলাকায় খাদ্যসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। বন্ধ রয়েছে সাজেকের সঙ্গে দেশের অন্যান্য এলাকার সড়ক যোগাযোগ। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ব্যবসায়ী ও সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দুর্ভোগে পড়েছেন।
সংকট নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক করতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয় প্রশাসন। গত ২৫ অক্টোবর তিন সদস্যের একটি সার্চ কমিটি গঠন করা হয়। পরদিন ২৬ অক্টোবর রাঙামাটি থেকে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল সাজেকের উজোবাজারে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করে।


প্রতিনিধিদলে ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, রাঙ্গামাটির সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির জেলা প্রশাসক, দুই জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


বিকেল সোয়া ৩টায় শুরু হওয়া প্রায় তিন ঘণ্টার বৈঠকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সভাপতি বাবুধন চাকমা ও ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দীর্ঘ আলোচনায় পাঁচ দফার মধ্যে চারটি বিষয়ে সমঝোতা হলেও একটি দাবিতে ঐকমত্য না হওয়ায় অবরোধ কর্মসূচি অব্যাহত রাখেন আন্দোলনকারীরা।


এর আগে সাজেক থেকে জেএসএসের সন্তু গ্রুপের সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে সড়ক অবরোধের ঘোষণা দেয় ইউপিডিএফ নিয়ন্ত্রিত সংগঠন দুটি। প্রথম দফায় গত ১১ অক্টোবর অবরোধ শুরু হলে সাজেকে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েন। পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করা হয়।


নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ার অভিযোগ তুলে ১৫ অক্টোবর থেকে দ্বিতীয় দফায় অবরোধ শুরু করে সংগঠন দুটি। তবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২১ অক্টোবর পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখা হয়। ছয় দিনের বিরতি শেষে ২২ অক্টোবর থেকে তৃতীয় দফায় আবারও অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়।


এদিকে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে ২২ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন ভ্যালি বন্ধ ঘোষণা করে রাঙ্গামাটি জেলা প্রশাসন। একই সঙ্গে পর্যটনকেন্দ্রে অবস্থানরত পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য সময়সীমাও নির্ধারণ করা হয়।


এক দিনের জন্য অবরোধ শিথিলের ঘোষণায় সাজেকের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে কিছুটা স্বস্তি ফেরার আশা করছেন সংশ্লিষ্টরা। তবে দীর্ঘস্থায়ী সংকটের সমাধান এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের আলোচনার অগ্রগতির দিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল