
(২ ঘন্টা আগে) ১ নভেম্বর ২০২৬, রবিবার, ৩:৪৮ অপরাহ্ন
চরম আর্থিক প্রতিকূলতা ও অভাব-অনটনের সাথে লড়াই করে ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নারী একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মোংলার কৃতি সন্তান লিকা পোদ্দার। ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন উর্মি আক্তারকে পরাজিত করে সেরার মুকুট অর্জন করলেও, নিজ জেলা বাগেরহাটের হয়ে খেলার সুযোগ না পেয়ে অন্য জেলার হয়ে খেলায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও আক্ষেপের সৃষ্টি হয়েছে।
রোববার (১ নভেম্বর) মোংলার দক্ষিণ কাইনমারী এলাকায় এলাকাবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে লিকার এই সাফল্যের পাশাপাশি নিজের জেলার প্রতিনিধিত্ব করতে না পারার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
জানা গেছে, লিকা পোদ্দারের বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ কাইনমারী গ্রামে। তার বাবা পেশায় একজন জেলে। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী। চরম দারিদ্র্য ও নানা প্রতিকূলতা জয় করে তিনি জীবনের প্রথম সিনিয়র জাতীয় ফাইনালেই এই অভাবনীয় সাফল্য অর্জন করেন। তবে বাগেরহাট জেলা থেকে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা বা সুযোগ না পাওয়ায় তিনি বাধ্য হয়ে নারায়ণগঞ্জের হয়ে প্রতিযোগিতায় অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন।
রোববার দক্ষিণ কাইনমারীতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন— স্থানীয় ইউপি সদস্য অর্পা মল্লিক, বাদশা শেখ, চন্দিকা মন্ডল, ঝংকর সরদার, মনি শংকর রায়, শেখর পাড়ই প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, মোংলার চিলার কৃতি সন্তান লিকা পোদ্দার পুরো দেশের জন্য গৌরব বয়ে এনেছেন, যা আমাদের অত্যন্ত আনন্দিত করেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, সংশ্লিষ্টদের অবহেলা বা সুযোগের অভাবে তাকে নিজ জেলা বাগেরহাটের পরিবর্তে নারায়ণগঞ্জের হয়ে খেলতে হয়েছে। ক্রীড়াঙ্গনে এমন উদাসীনতা মোংলা তথা বাগেরহাটবাসীর জন্য হতাশাজনক। তারা অবিলম্বে স্থানীয় কৃতি খেলোয়াড়দের মূল্যায়ন ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার জন্য জোর দাবি জানান।