banglahour

কলাপাড়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

সারাদেশ | সিয়াম আবদুল্লাহ কলাপাড়া,পটুয়াখালী।

(২ ঘন্টা আগে) ১ নভেম্বর ২০২৬, রবিবার, ৩:৫০ অপরাহ্ন


পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি, গাছের চারা বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে চারজন সফল উদ্যোক্তার মাঝে মোট ৬ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।


দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে র‍্যালি ও অন্যান্য কর্মসূচি শেষে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস-উদ-জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারী পরিচালক আছাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন-অর রশিদ ও বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের প্রকল্প ব্যবস্থাপক মো. সবুজ প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, যুবকরাই দেশের মূল শক্তি ও সম্ভাবনা। তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। প্রশিক্ষিত যুবসমাজ গড়ে তুলতে পারলে দেশের বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীকে উন্নয়নের কাজে লাগানো সম্ভব হবে। মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে যুবকরাই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে তুলবে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল