
(২ ঘন্টা আগে) ১ নভেম্বর ২০২৬, রবিবার, ৩:৫২ অপরাহ্ন
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের রাতভর মাদকবিরোধী অভিযানে ২৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার মান্দা, নওগাঁ সদর ও বদলগাছী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ নভেম্বর ২০২৬ তারিখ রাতভর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। অভিযানের প্রথম পর্যায়ে ভোর ৫টার দিকে মান্দা উপজেলার রঘুনাথপুর গ্রামে আরিফ হোসেন (৩০) নামের এক ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার ঘরের স্টিলের ট্রাংকের ভেতর থেকে চার কেজি করে পাঁচটি প্যাকেটে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তার আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর থানাধীন কুমাইগাড়ী এলাকায় জনৈক ফারুক হোসেনের ভাড়াটিয়া মোশাররফের (৩৩) বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরের চৌকির নিচে বাজারের ব্যাগে রাখা দুই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
মোশাররফের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে বদলগাছী উপজেলার নিহনপুর গ্রামে শিলং (২৩) নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়নকক্ষ থেকে আরও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে শিলংয়ের সহযোগী হিসেবে আরাফাত (২৩) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
তিনটি পৃথক অভিযানে সর্বমোট ২৪ কেজি গাঁজা উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে।