banglahour

রবীন্দ্রনাথের ঐতিহাসিক রাশিয়া সফরের ৯৬ বছর উদ্‌যাপন রাশিয়ান হাউসে

জাতীয় | প্রেস বিজ্ঞপ্তি।

(৪ ঘন্টা আগে) ২ নভেম্বর ২০২৬, সোমবার, ১০:১৭ অপরাহ্ন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক সোভিয়েত ইউনিয়ন সফরের ৯৬তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাশিয়ান হাউস ইন ঢাকা ও সংস্কৃতি-র যৌথ উদ্যোগে ‘আলোয় ভুবন ভরা: রাশিয়ায় রবীন্দ্রনাথের যাত্রা—পত্রাবলি, গান ও মনন’ শীর্ষক এ অনুষ্ঠানে কবির রাশিয়া সফরের অভিজ্ঞতা, সাহিত্যচিন্তা এবং বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক ও শিক্ষাগত সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়।


অনুষ্ঠানে রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক আলেকজান্দ্রা এ. খ্লেভনয় বলেন, সোভিয়েত শিক্ষাব্যবস্থার প্রতি রবীন্দ্রনাথের গভীর আগ্রহ ও প্রশংসা ছিল। শিক্ষার প্রতি কবির এই দৃষ্টিভঙ্গি আজও বাংলাদেশ ও রাশিয়ার শিক্ষা সহযোগিতার ক্ষেত্রে প্রাসঙ্গিক। তিনি জানান, রাশিয়ায় উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের সরকারি বৃত্তির সংখ্যা প্রতিবছর বাড়ছে।


অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বাংলা ও রুশ ভাষায় কবিতা আবৃত্তি এবং রবীন্দ্রসংগীত পরিবেশিত হয়। সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ভেরোনিকা ক্লিমচেঙ্কো রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন। তিনি বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইন্টার্নশিপ করছেন। রাশিয়ান হাউসের রুশ ভাষা কোর্সের শিক্ষার্থীরাও আবৃত্তিতে অংশ নেন।

 

এ ছাড়া মস্কোর এমজিআইএমও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ‘আমি চিনি গো চিনি তোমারে’ গানটি পরিবেশন করেন। ইউলিয়ানা ঝাভোরনকোভা পরিবেশন করেন ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’। পরে সংস্কৃতি-র শিল্পীরা রবীন্দ্রনাথের নির্বাচিত গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে ড. ইন্দ্রজিৎ রায় রচিত The Soviet Union in Its Early Days: In the Eyes of the Poet Rabindranath Tagore গ্রন্থটি পরিচিত করা হয়। বইটির ওপর পর্যালোচনা উপস্থাপন করেন মোশতাক আহমেদ। পাশাপাশি Letters from Russia থেকে নির্বাচিত অংশ পাঠ এবং Tagore in Russia (1961) প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।


আয়োজকদের মতে, ১৯৩০ সালে রবীন্দ্রনাথের রাশিয়া সফর দুই দেশের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সম্পর্কের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। সাহিত্য, সংগীত ও শিক্ষার মধ্য দিয়ে দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে।
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য সংস্কৃতি এবং সংগঠনটির সভাপতি ড. মোখবুল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাশিয়ান হাউস ইন ঢাকা। পাশাপাশি অংশগ্রহণকারী শিল্পী, শিক্ষার্থী, গবেষক ও অতিথিদের ধন্যবাদ জানানো হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল