
(২ ঘন্টা আগে) ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১২:৪৩ পূর্বাহ্ন
কুমিল্লার বরুড়া উপজেলার ১০ নং উত্তর শীলমুড়ি ইউনিয়নের জয়কামতা গ্রামে দুর্বৃত্তদের বিরুদ্ধে কীটনাশক প্রয়োগ করে ১০ হাজার ৭০০ আখের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে। রোববার (গতকাল) রাতে কে বা কারা আখের জমিতে কীটনাশক ঢেলে দেওয়ায় এক মাস আগে রোপণ করা সব চারাই মরে গেছে বলে দাবি করেছেন জমির মালিক সৈয়দ নাদেরুজ্জামান। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
জমির মালিক সৈয়দ নাদেরুজ্জামান জানান, ৮৮ শতক জমিতে প্রায় এক মাস আগে ১০ হাজার ৭০০ আখের চারা রোপণ করেছিলেন তিনি। রোববার রাতে দুর্বৃত্তরা জমিতে কীটনাশক প্রয়োগ করে চারাগুলো নষ্ট করে দেয়। তিনি বলেন, গত অর্থবছরেও এই জমিতে আখের বাম্পার ফলন হয়েছিল। ওই জমির আখ বিক্রি করে প্রায় ৬ লাখ টাকা পেয়েছিলেন। কারও সঙ্গে তাঁর কোনো ধরনের বিরোধ বা শত্রুতা নেই বলেও দাবি করেন তিনি।
সোমবার বিকেলে সরেজমিনে দেখা যায়, আখের জমিতে পানি জমে রয়েছে। অধিকাংশ চারা মরে গিয়ে শুকিয়ে গেছে। একসময় সবুজে ভরা জমিটি এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এমন ঘটনায় এলাকাবাসী মর্মাহত। কীটনাশক কোথা থেকে কেনা হয়েছে, তা খতিয়ে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট দোকানিকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তাঁরা। এ ঘটনায় সাখাওয়াত নামের এক ব্যক্তিকে সন্দেহ করছেন স্থানীয় কয়েকজন। তবে এ বিষয়ে তাঁর সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
জয়কামতা গ্রামের অন্তত তিনজন বাসিন্দা জানান, সৈয়দ নাদেরুজ্জামান এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তাঁর পরিবার পাকিস্তান আমল থেকেই আমড়াতলি ও জয়কামতা এলাকার মানুষের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। গত কয়েক বছর ধরে তিনি কুমিল্লা থেকে এলাকায় এসে আখ ও মৎস্য চাষসহ বিভিন্ন কৃষি উদ্যোগ গ্রহণ করেছেন।
এ বিষয়ে বরুড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তাঁরা খতিয়ে দেখছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এক রাতের ঘটনায় ৮৮ শতক জমির স্বপ্ন ও পরিশ্রম নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত জমির মালিক এখন দিশেহারা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।