
(৫ দিন আগে) ৪ নভেম্বর ২০২৬, বুধবার, ৯:১৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ড ‘রেমন্ড ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স’-এর নতুন শোরুম। আধুনিক ও মানসম্মত পোশাকের সমাহার নিয়ে শহরের বাতেন খাঁর মোড়ে অবস্থিত ম্যাঙ্গো টাওয়ারে বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শোরুমটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।
নতুন এ শোরুমে পুরুষদের জন্য শার্ট, প্যান্ট, স্যুট, শেরওয়ানি, সাফারিসহ বিভিন্ন ধরনের উন্নতমানের কাপড় ও পোশাকের কালেকশন রাখা হয়েছে। পাশাপাশি গ্রাহকদের পছন্দ ও মাপ অনুযায়ী আধুনিক টেইলারিং সেবারও ব্যবস্থা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল ওয়াহেদ বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষের পোশাকের রুচি ও চাহিদার কথা বিবেচনায় রেখে আন্তর্জাতিক মানের একটি জনপ্রিয় ব্র্যান্ডের শোরুম চালু হওয়া আনন্দের বিষয়। মানসম্মত পোশাক ও উন্নত টেইলারিং সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি স্থানীয় ক্রেতাদের আস্থা অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মো. তরিকুল ইসলাম সিদ্দিকী নয়ন, সাবেক কাউন্সিলর আব্দুল বারেকসহ স্থানীয় ব্যবসায়ী নেতা, গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী ও ক্রেতাসাধারণ।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা জানান, নতুন এ শোরুম চালুর ফলে চাঁপাইনবাবগঞ্জের ফ্যাশন সচেতন ক্রেতারা এখন একই স্থানে দেশি-বিদেশি মানসম্মত কাপড়, আধুনিক পোশাকের কালেকশন এবং উন্নত টেইলারিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।
বিকল্প ক্যাপশন: চাঁপাইনবাবগঞ্জের বাতেন খাঁর মোড়ে ম্যাঙ্গো টাওয়ারে বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ড রেমন্ড ফেব্রিক্স অ্যান্ড টেইলার্সের নতুন শোরুম উদ্বোধন করেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।