
(৩ ঘন্টা আগে) ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২:৩৭ অপরাহ্ন
কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ৬৩ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার বাজি ও একটি যানবাহন আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আওতাধীন শিবেরবাজার বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শিবেরবাজার বিওপির টহলদল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কালিবাজার নামক স্থানে অভিযান চালিয়ে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক করা হয়।
আটককৃত বাজি ও যানবাহনের সর্বমোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৩ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।
বিজিবি আরও জানায়, আটককৃত চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।