
(১১ মিনিট আগে) ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:০৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় নেশার সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে সোনামসজিদ সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ৫৬ বোতল নেশার সিরাপ উদ্ধার করে ৫৯ বিজিবি। তবে এ সময় কাওকে আটক করতে পারেনি বিজিবি। দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এই তথ্য নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল কাজী আল-আমিন অপু।
এ বিষয়ে অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির হাবিলদার মো. এনামুল হকের নেতৃত্বাধীন একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকার মেইন পিলার ১৮৯ হতে ৩ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের আইস উদ্দিনের আম বাগানে অভিযান পরিচালনা করে। এ সময় টহল দল মালিক বিহীন ৫৬ বোতল ভারতীয় নেশার সিরাপ ইস্কাফ উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
অধিনায়ক কাজী আল আমিন অপু আরো জানান, যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সকল প্রকার চোরাচালান রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।