banglahour

৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

অনুসন্ধান | বিনোদন ডেস্ক।

(১ দিন আগে) ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, ৪:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২৪ অপরাহ্ন

রজনীকান্তের আগামী ছবি ‘ধর্মন’-এ নতুন চমক নিয়ে আসছেন। এই ছবির সঙ্গে এবার যুক্ত হয়েছেন শ্রীলীলা। দক্ষিণী এই অভিনেত্রী এই প্রথম পর্দায় জুটি বাঁধতে চলেছেন ‘থালাইভা’র সঙ্গে। দু’জনের বয়সের ব্যবধান প্রায় ৫০ বছর। ইতোমধ্যে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে প্রযোজনা সংস্থা।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সংবাদ অনুযায়ী, ছবিটি পরিচালনা করছেন অশ্বথ মারিমুথু। শ্রীলীলাকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা সংস্থাটি। রজনীকান্ত, শ্রীলীলার পাশাপাশি ‘ধর্মন’-এ দেখা যাবে সিমরন, নয়নতারা, যোগী বাবু এবং রাশি খান্নাকেও। পরিচালক অশ্বথের সঙ্গে এই প্রথম কাজ করছেন রজনীকান্ত।

এই ছবি আসার খবর প্রকাশ হওয়ার পর রজনীকান্তের অনুরাগীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। সিনেমার প্রথম লুক সামনে আসতেই অভিনেতার চরিত্র নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। এই সিনেমায় তাঁকে এক চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে বলে ইঙ্গিত মিলেছে। তবে রজনীকান্ত অভিনীত চরিত্রটির পরিচয় দিতে গিয়ে নির্মাতারা ব্যবহার করেছেন ‘কেট্টা পৈয়ন’ শব্দবন্ধ, যার অর্থ খারাপ মানুষ। ফলে তাঁর অভিনীত চরিত্রের মধ্যে নেতিবাচক দিক থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

১৯৭৮ সালের ‘মুলম মলারুম’-এ রজনীকান্ত অভিনীত চরিত্রের সঙ্গে এই চরিত্রের কিছুটা মিল খুঁজে পাচ্ছেন অনুরাগীরা। প্রকাশিত কয়েকটি স্থিরচিত্রে অভিনেতার হাতে রক্তের দাগও দেখা গিয়েছে। ফলে ‘ধর্মন’-এ তাঁকে নেতিবাচক চরিত্রে দেখার সম্ভাবনা আরও প্রবল হয়েছে।

জানা যাচ্ছে, এই ছবির তৃতীয় দফার শুটিং শেষ হয়েছে সেপ্টেম্বরে। এখন চলছে শেষ পর্যায়ের কাজ।

তামিল চলচ্চিত্রে ক্রমশ নিজের জায়গা পাকা করছেন শ্রীলীলা। চলতি বছরের শুরুতে ‘পরাশক্তি’-র মাধ্যমে তামিল সিনেমায় অভিষেক হয় তাঁর। তারপর থেকেই একের পর এক ছবির প্রস্তাব আসছে অভিনেত্রীর কাছে। ধনুষ এবং মমুটীর আগামী ছবি ‘ওম’-এ ধনুষের স্ত্রী রোজার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রীলীলা। এ ছাড়াও অজিত কুমারের ‘ডেয়রডেভিল’ ছবিতেও দেখা যাবে তাঁকে।

‘ধর্মন’-এর সংগীত পরিচালনার করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। এর আগে ‘পেটা’, ‘দরবার’, ‘জেলার’, ‘ভেট্টৈয়ন’ এবং ‘কুলি’ ছবিতে রজনীকান্তের সঙ্গে কাজ করেছেন তিনি। এখন পর্যন্ত ছবি মুক্তির দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে শোনা যাচ্ছে, ২০২৭ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে 'ধর্মন' মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা অবলম্বনে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল