banglahour

সুন্দরবনের দুবলার চরে পর্যটক নিখোঁজ: উদ্ধার অভিযান অব্যাহত

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৭ ঘন্টা আগে) ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২:১৬ অপরাহ্ন


সুন্দরবনের দুবলার চর এলাকায় পর্যটকবাহী বোট থেকে নেমে বোট ছাড়ানোর চেষ্টা করার সময় ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে রিয়াজ আহমেদ (২৭) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। ঘটনার পর থেকে বন বিভাগ ও কোস্ট গার্ড যৌথভাবে তাঁকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।


নিখোঁজ পর্যটক রিয়াজ আহমেদ ময়মনসিংহ জেলার ভালুকা কাঠালী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।


বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন পশ্চিম বন বিভাগ থেকে তিন দিনের অনুমতি নিয়ে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশনে রাজস্ব প্রদান করেন রিয়াজ আহমেদ ও তাঁর সঙ্গীরা। ‘মিজানুর রহমান ইকো ট্যুরিজম-২’ (বিএলসি নম্বর: ২৬২৭০৮০৬০০৪) নামের পর্যটকবাহী বোটটি গত ৫ নভেম্বর সুন্দরবন ভ্রমণে যাত্রা করে। ওই বোটে নরসিংদীর ৯ জন, ময়মনসিংহের ৯ জন এবং গাজীপুরের ১ জনসহ মোট ১৯ জন পর্যটক ছিলেন।


সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলাম জানান, সুন্দরবনের দুবলার চর এলাকায় নতুন জেগে ওঠা একটি চরে বোটটি আটকে যায়।শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে অতি উৎসাহী হয়ে বোটে থাকা পর্যটকদের কেউ কেউ বোটটি ছাড়ানোর জন্য নিচে নেমে ধাক্কাধাক্কি করেন। চেষ্টা ব্যর্থ হলে অনেকেই ওপরে উঠে আসার সময় হঠাৎ ঢেউ এসে চারজনকে ভাসিয়ে নিয়ে যায়।এ সময় তিনজনকে উদ্ধার করতে সক্ষম হলেও রিয়াজ আহমেদ পানির স্রোতে ভেসে যান।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, পর্যটকরা সাতক্ষীরা রেঞ্জের মাধ্যমে সুন্দরবনে প্রবেশ করেছিলেন। ঘটনার পর থেকেই দুবলার চর ও আলোরকোল—এই দুই এলাকার বন বিভাগের মাঠকর্মী এবং কোস্ট গার্ডের সদস্যরা যৌথভাবে নিখোঁজ পর্যটককে উদ্ধারে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।

কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম জানিয়েছেন, শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে তাঁদের অভিযান অব্যাহত রয়েছে। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল