banglahour

মুক্তাগাছায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সারাদেশ | রিপন সারওয়ার। জেলা প্রতিনিধি। ময়মনসিংহ।

(৩৪ মিনিট আগে) ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ৯:৫৬ অপরাহ্ন

 

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছায় নানা কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্রের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকেরা অংশ নেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা আইসিটি কর্মকর্তা মানজুরুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউএনও কৃষ্ণ চন্দ্র। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু।

সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন হাজী কাশেম আলী মহিলা কলেজের অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েল। বিশেষ আলোচক ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুস ছালেহীন, মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সিলমিন জাহান ইলমা, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন,এবং  সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু  এ ছাড়া বক্তব্য দেন মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক এজেডএম ইমাম উদ্দিন মুক্তা।

আলোচনায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। তৎকালীন রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দিনটি ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছে। জাতীয় ঐক্য, সংহতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার গুরুত্ব এ দিবসের অন্যতম শিক্ষা।

বক্তারা আরও বলেন, গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক ও সামাজিক বিভেদ ভুলে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্ব দেন তাঁরা।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের মধ্যে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। দিনব্যাপী এসব কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল