banglahour

রাঙ্গামাটিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: চীনে নারী পাচার রোধে কঠোর নজরদারির নির্দেশ

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৭ ঘন্টা আগে) ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ৫:৩৫ অপরাহ্ন


রাঙ্গামাটি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং বিভিন্ন অপরাধমূলক তৎপরতা রোধের লক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৮ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।


সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে বর্তমান সময়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ানো—চীনসহ বিভিন্ন দেশে নারী পাচার চক্রের তৎপরতা রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ নির্দেশনা ও সতর্কতা নিয়ে সভায় দীর্ঘ আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, পাচারকারীরা নানা প্রলোভন দেখিয়ে সহজ-সরল নারীদের বিদেশ পাঠানোর ফাঁদ পেতে থাকে। এ ধরনের মানবপাচার প্রতিরোধে স্থানীয় পর্যায় থেকে শুরু করে সীমান্তবর্তী ও দুর্গম এলাকায় কঠোর নজরদারি বাড়ানো জরুরি।


নারী পাচার রোধ এবং জনসচেতনতা তৈরি করতে জেলা প্রশাসক নাজমা আশরাফী রাঙ্গামাটি জেলার প্রতিটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সুশীল সমাজের সাথে সমন্বয় করে বিশেষভাবে মনিটরিং জোরদার করার এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।


সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসা এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিগণসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল