
(৪ ঘন্টা আগে) ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫:২৮ অপরাহ্ন
রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সামনে মানবেন্দ্র নারায়ণ লারমার অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ম্মরণ সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙ্গামাটি জেলা কমিটি সদস্য গুণেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রী কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির চাকমা, এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা প্রমুখ।
শোক সভায় এমএন লারমার সংগ্রামী জীবনের স্মৃতিচারণা করে বক্তারা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা শুধু পাহাড়ের মানুষের নেতা ছিলেন না তার সংগ্রাম ছিল দেশের সকল শ্রেণির নিপীড়িত গণমানুষের পক্ষে ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে। অধিকার আদায়ের লড়াই করতে জীবন দিয়েছেন মানবেন্দ্র নারায়ণ লারমা। এম এন লারমা আমাদের মাঝে না থাকলেও তার রেখে যাওয়া আর্দশগুলো আমরা এখনো লালন করছি, পালন করছি। তাই এমএন লারমার আদর্শ ধারণ করে পাহাড়ের অধিকারবঞ্চিত মানুষের আন্দোলন এগিয়ে নিতে হবে।
বক্তারা সাজকের অবরোধের বিষয়ে বলতে গিয়ে বক্তারা বলেন, সম্প্রতি চুক্তিবিরোধী পক্ষ সাজেককে কেন্দ্র করে নানা অপপ্রচার চালাচ্ছে। মানুষকে জিম্মি করে আন্দোলনের নামে প্রহসন করা হচ্ছে। তাদের দাবি, সাজেকে সন্তু লারমার গ্রুপের কেউ থাকতে পারবে না।
তাদের দাবি হওয়া উচিত ছিল সাজেকে কোনো অবৈধ অস্ত্রধারী থাকতে পারবে না। কিন্তু তা না করে তারা জেএসএসকে সরানোর দাবি জানাচ্ছে। সাজেক কি তারা লিজ নিয়েছে-এমন প্রশ্নও তোলেন বক্তারা।
উল্লেখ্য, এমএন লারমা ১৯৭০ সালের নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম আসন থেকে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭২ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে চার দফা সংবলিত আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিনামা পেশ করেন।
একই বছর তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) গঠনে ভূমিকা রাখেন এবং সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে জেএসএসের মনোনীত প্রার্থী হিসেবে পার্বত্য চট্টগ্রাম আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছর সংগঠনটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। আর ১৯৮৩ সালের ১০ নভেম্বর দলের বিভেদপন্থি গ্রুপের হাতে আট সহযোগীসহ নিহত হন এমএন লারমা।