banglahour

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া থানার ওসি ; জিডির হুমকি

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক,পাবনা।

(৩ ঘন্টা আগে) ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০:১৬ অপরাহ্ন


 

নিজস্ব প্রতিবেদক, পাবনা থেকে
সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে দুই সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়ে জিডি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পাবনার সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানের বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সাঁথিয়া থানার ওসির কক্ষে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন, এখন টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি মাসুদ রানা ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাল উদ্দিন।

জানা যায়, সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়ীয়া গ্রামের ফরিদা খাতুনের দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত এক নম্বর আসামি লিটনকে বাদ দিয়ে চার্জশিট দেয় সাঁথিয়া থানা পুলিশ। সেই অভিযোগের বিষয়ে ওসির বক্তব্য নিতে মঙ্গলবার দুপুরে ওসির কক্ষে যান সাংবাদিকরা। চার্জশিট থেকে এক নাম্বার অভিযুক্তের নাম বাদ দেয়ার বিষয়ে জানতে চাইলে সাক্ষাৎকার না দিয়ে ওসি ক্ষিপ্ত হন এবং সাংবাদিকদের নাম-পরিচয় নিয়ে থানার পুলিশ সদস্যদের জিডি করার নির্দেশ দেন বলে অভিযোগ করেন সাংবাদিকরা।

এ বিষয়ে এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ রানা বলেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সংবাদের সত্যতা নিশ্চিত করতে প্রশাসনের বক্তব্য নেওয়া প্রয়োজন। কিন্তু সাক্ষাৎকার না দিয়ে এ ধরনের আচরণ কাম্য নয়।

নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাল উদ্দিন বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের যদি থানায় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে সেবা পাচ্ছেন, তা নিয়েও প্রশ্ন ওঠে।

এদিকে পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া ঠিক হয়নি। দ্রুত ঘটনার তদন্ত করে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, আদালতে বিচারাধীন একটি মামলার বিষয়ে সাংবাদিকরা সাক্ষাতকার নিতে এসেছিলেন। আমি বলেছি বিচারাধীন মামলার বিষয়ে কোনো কথা বলবো না। কিন্তু তারা আক্রমণাত্মক কথাবার্তা বলেন। সাক্ষাতকার দিতে আমাকে চাপ প্রয়োগ করেন। আমি কথা না বললে তো তারা আমাকে বাধ্য করতে পারেন না। তাদের আচরণ সাংবাদিক সুলভ ছিল না।

ওসি আরো জানান, যে মামলার বিষয়ে তারা সাক্ষাতকার নিতে আসছিলেন সেটা গত এপ্রিল মাসে একটি মারামারির মামলা। এক নাম্বার অভিযুক্ত লিটন তার বিষয়ে তদন্তে গিয়ে তদন্তকারী কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় চার্জশিট থেকে নাম বাদ দিয়েছে। এটা দিতেই পারে। কেউ মামলার এজাহার দিলে সেটা তদন্ত করতে গিয়ে কারো নাম বাদ পরতে পারে, কারো নাম যুক্ত হতে পারে।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, আজ সাংবাদিকদের সঙ্গে যা ঘটেছে, তা ওসি ঠিক করেননি। সাংবাদিকরা প্রশ্ন করতেই পারেন। কীভাবে তিনি উত্তর দেবেন, সেটি তাঁর নিজস্ব বিষয়।

উল্লেখ্য, এর আগে আমিনপুর থানায় দায়িত্ব পালনকালে ওসি আনিছুর রহমানের বিরুদ্ধে মামলা গ্রহণে অর্থ দাবি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে তাঁকে বদলি করা হয়। সম্প্রতি তিনি আবার সাঁথিয়া থানায় ওসি হিসেবে বদলী হয়ে আসেন।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল