banglahour

চাটমোহরে সার লুটের ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা প্রশাসনের কমিটি

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক,পাবনা।

(৩ ঘন্টা আগে) ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০:১৭ অপরাহ্ন


পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলারের গোডাউন ভেঙে সার লুটের ঘটনায় সরেজমিন তদন্ত কাজ শুরু করেছে জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিনভর ঘটনাস্থল ছাইকোলা বাজারে গিয়ে ভুক্তভোগী ডিলার, স্থানীয় ব্যবসায়ী, কৃষক, স্থানীয় বাসিন্দা, আনসার, গ্রাম পুলিশ, পুলিশ সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করেন কমিটির সদস্যরা। এ সময় তদন্ত কমিটির সাথে উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ ও থানার ওসি অলিউর রহমান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিটন ঢালী বলেন, মঙ্গলবার থেকে কাজ শুরু করেছি আমরা। সেখানে তিনজন ডিলার ছিলেন সার বিতরণে। তার মধ্যে একজনের গোডাউনে লুট হয়। আমরা ভুক্তভোগী সার ডিলার ও বাকি দুই ডিলারের সাথে কথা বলেছি। এছাড়া কৃষি অফিসার, থানার ওসি, স্টেক হোল্ডার কয়েকজন, দায়িত্বরত আনসার সদস্য, গ্রাম পুলিশ, যারা সার পায়নি এমন কয়েকজন কৃষক, স্থানীয় ব্যবসায়ী কয়েকজন, সে সময়ে উপস্থিত ছিলেন এমন সাধারণ মানুষের সাক্ষাতকার নিয়েছি।

লিটন ঢালী আরো বলেন, আমরা সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। কেন, কি কারণে, কারা ঘটনার সাথে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্ত মাত্র শুরু হলো। আরো তথ্য সংগ্রহ করতে হবে। আশা করছি, বৃহস্পতিবার (১২ নভেম্বর) এর মধ্যে পুরো তদন্ত শেষ করে আমরা প্রতিবেদন দাখিল করতে পারবো।

প্রসঙ্গত, সোমবার (৯ নভেম্বর) দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে ডিলার প্রদীপ কুমার পাল সরকারি সার বিতরণ করছিলেন। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে ও দেরীতে সার দেয়া নিয়ে হট্টগোল শুরু হয়। এ সময় ছাইকোলা বাজারে আরও দুইজন ডিলার সার বিতরণ করছিলেন। কিন্তু ওই দুই ডিলার সার বিতরণ হঠাৎ করে বন্ধ দেওয়ায় সবাই ডিলার প্রদীপ কুমার পালের দোকানে ভিড় করেন। এ সময় সার না পেয়ে কৃষকরা় ক্ষিপ্ত হয়ে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করে এবং সার লুটপাট শুরু করে। এ সময় পুলিশ ও ডিলারের লোকজন বাধা দিতে গেলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

‎খবর পেয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে কৃষকদের নেওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।

পরে সার লুটের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। সোমবার বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিটন ঢালীকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। ‎কমিটির অন্য দুই সদস্য হলেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) লুৎফর রহমান। অফিস আদেশে কমিটিকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

এদিকে, ভাঙচুর করে গোডাউন থেকে ৬১১ বস্তা সার লুটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। দায়েরকৃত মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জহুরুল ইসলাম (২৮) উপজেলার লাঙলমোড়া গ্রামের আলিফ উদ্দিনের ছেলে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, সার গোডাউন ভাঙচুর ও সার লুটের ঘটনায় ডিলার প্রদীপ কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে চাটমোহর থানায় সোমবার রাতে একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৯ বস্তা সার জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত জহুরুলকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

চাটমোহর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান বলেন, মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত লুট হওয়া সারের মধ্যে ১১৪ বস্তা সার ফেরত পাওয়া গেছে। এখনও ৪৯৭ বস্তা পাওয়া যায়নি। তিনি আরো জানান, যেহেতু মামলা দায়ের হয়ে গেছে, সেকারণে অনেকে সার ফেরত দিতে ভয় পাচ্ছেন। মামলায় হয়রানী বা গ্রেপ্তার না হওয়ার আশ্বাস পেলে হয়তো আরো অনেক সার ফেরত আসতে পারে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল