banglahour

২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ, দেউলিয়ার পথে এই অভিনেতা!

অনুসন্ধান | নিজস্ব প্রতিবেদক।

(৯ ঘন্টা আগে) ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ১০:১৭ পূর্বাহ্ন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে নেওয়া ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা ঋণ পরিশোধ করতে না পারায় ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক ও এজেআই গ্রুপের চেয়ারম্যান এম এ জলিল অনন্তের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ব্যাংকের দেওয়া ওই নোটিশে আগামী ৩০ দিনের মধ্যে অর্থ পরিশোধ করতে বলা হয়েছে, অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একের পর এক কারখানা বন্ধ হওয়া এবং বিপুল ঋণের চাপে তার ব্যবসায়িক সাম্রাজ্য বর্তমানে গভীর সংকটে পড়েছে।

২০২৪ সালের আগস্ট মাসে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে নেওয়া টার্ম লোন পুনঃতফসিল করা হয়েছিল। পরবর্তীতে ঋণের একটি অংশ পরিশোধের জন্য ২০২৬ সালের ১৮ অক্টোবর অনন্ত জলিল ব্যাংকে একটি চেক জমা দেন। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় গত ২ নভেম্বর চেকটি প্রত্যাখ্যাত হয়।

করোনাকালীন ক্ষতি ও ইউক্রেন যুদ্ধসহ নানা বৈশ্বিক পরিস্থিতির কারণে তার এজেআই গ্রুপের ব্যবসা বড় ধাক্কা খায়। এর ওপর বকেয়া বিল এবং গ্যাস চুরির অভিযোগে সম্প্রতি তিতাস গ্যাস কর্তৃপক্ষ তার কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

কারখানাগুলো সচল রাখতে না পারায় এবং একের পর এক ইউনিট বন্ধ হয়ে যাওয়ার কারণে অনন্ত জলিলের প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজারেরও বেশি শ্রমিক বেকার হয়ে পড়েছেন।

আইনি নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করে অনন্ত জলিল জানিয়েছেন, করোনাকালে কাজ না থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা দিতে গিয়ে তাকে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিতে হয়েছিল, যা সুদে-আসলে এখন অনেক বেড়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, ব্যাংকের সহযোগিতা ছাড়া এই মুহূর্তে এই সংকট থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।

৩০ দিনের নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যাংক ঋণের এই সুরাহা করতে না পারলে হস্তান্তরযোগ্য দলিল আইন অনুযায়ী অনন্ত জলিল ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে চেক জালিয়াতি এবং পরবর্তীতে অর্থঋণ আদালতে মামলা দায়ের হতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল