
(৮ ঘন্টা আগে) ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ১০:২৬ পূর্বাহ্ন
মেরুদণ্ডের জটিল সমস্যায় উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বুধবার (১১ নভেম্বর) মালয়েশিয়ার একটি হাসপাতালে তার মেরুদণ্ডে জটিল অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় বাবর জানান, দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় ফিরতে চান তিনি। এ জন্য নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষ, দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কারাভোগের সময় থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন বাবর।
মেরুদণ্ডে তীব্র ব্যথার পাশাপাশি কিডনিজনিত সমস্যা ও শ্বাসকষ্টেও আক্রান্ত তিনি। কারামুক্তির পর দেশে নিয়মিত চিকিৎসা নিলেও মেরুদণ্ডের সমস্যার উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।
সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার মেরুদণ্ডে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী আজ অস্ত্রোপচারের দিন নির্ধারণ করা হয়েছে।
মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান বলেন, দীর্ঘদিন কারাভোগের কারণে বাবর মেরুদণ্ডের তীব্র ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। দেশে চিকিৎসা নেওয়ার পরও উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে মালয়েশিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে আজ তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, বাবর দ্রুত সুস্থ হয়ে নিজ নির্বাচনী এলাকার মানুষের মাঝে ফিরে এসে আবারও জনসেবায় নিয়োজিত হতে পারেন, সে জন্য তারা দোয়া করছেন। একই সঙ্গে দেশবাসীর কাছেও তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।